বরিশালে হামে আরো দুই শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

বরিশাল অফিস

বরিশালে হামে আরো দুই শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

বরিশালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তাদের মৃত্যু হয়।

মৃত শিশুদের একজন চার মাস বয়সী হুজাইফার বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায়। অপরজন ১৩ মাস বয়সী আবদুল্লাহ বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা। তারা উভয়েই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিজ্ঞাপন

এ নিয়ে বরিশাল বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে, যাদের সবাই শিশু।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ১৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ৩১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে বিভাগজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ২ হাজার ৪১৬ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের আগের ২৪ ঘণ্টার তথ্যে জানা গেছে, হাম-রুবেলার উপসর্গে আক্রান্ত হয়ে বিভাগে তিন হাজারের বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানান, মার্চ মাসে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করলেও বর্তমানে তা কিছুটা কমতির দিকে রয়েছে। তবে রোগীর চাপ এখনও বেশি থাকায় হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে চাপ অব্যাহত রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলাই এই পরিস্থিতি মোকাবিলার প্রধান উপায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...