এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া ১ হাজার ৫১৫টি বিদ্যালয়ের মধ্যে ১৫টি বিদ্যালয়ের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ১৭টি।
সোমবার সকাল ১০টায় প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৫১৫টি বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বরিশাল জেলার সাতটি বিদ্যালয়ের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ ছাড়া পিরোজপুরের তিনটি, বরগুনার দুটি, ভোলার দুটি এবং ঝালকাঠির একটি বিদ্যালয় শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে।
এদিকে, শিক্ষা বোর্ডের সার্বিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। তবে উল্লেখযোগ্য সংখ্যক বিদ্যালয়ের পাসের হার ৫০ শতাংশের নিচে।
বোর্ডের ১ হাজার ৫১৫টি বিদ্যালয়ের মধ্যে ৯৩৯টি প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের বেশি। অন্যদিকে, ৫৫৬টি বিদ্যালয়ে পাসের হার ৫০ শতাংশেরও কম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

