বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জনগণের কাছে যাদের জবাবদিহিতা আছে তারা না থাকার কারণে দেশি-বিদেশি বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। দেশের বড় বড় কোম্পানিগুলো বিনিয়োগতো করছেই না বরং বিদেশিরাও বিনিয়োগে এগিয়ে আসছেন না। কারণ অন্তবর্তীকালীন সরকার সাধারণ মানুষের জবাবদিহিতার ঊর্ধ্বে। এখন দরকার নির্বাচিত জনপ্রতিনিধি। তাদের কাছে সাধারণ মানুষ জবাব চাইতে পারে তারাও দিতে বাধ্য। তাই সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন দরকার।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলাল আরো বলেন, একটি মামলায় তারেক রহমান আটকা রয়েছেন। ওই মামলার সুরাহা হলে তার নামে আর কোনো মামলা থাকবে না। তখন তিনি দেশে ফিরবেন এবং দেশ সংস্কারে জোড়ালো পদক্ষেপ রাখবেন।
বরিশালে বিএনপির চাঁদাবাজি ও দখল বাজি প্রসঙ্গে তিনি বলেন, যারা দলের আদর্শের বাইরে গিয়ে নানান অপকর্ম করেছেন ইতিমধ্যে তাদের অনেককেই বহিষ্কার করাসহ আজীবন দল থেকে বাদ দেয়া হয়েছে। এমনকি দলের স্থায়ী কমিটির সদস্যরাও কারণ দর্শানোর নোটিশ পায়। সুতরাং বিএনপির কেন্দ্রীয় কার্যকালাপ দেখে জনগণের উচিৎ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া।
তিনি বলেন, ব্যাংকখাতগুলো যেভাবে ধ্বংস হয়ে গেছে সেগুলোকে পুনর্বাসন করার জন্য দায়বদ্ধ সরকারের প্রয়োজন আছে বলে তিনি বলেন।
আলাল বলেন, তিনি ও তার পূর্বপুরুষ বরিশাল নগরীর বাসিন্দা। দলের প্রয়োজনে তিনি বরিশাল- ২ (তৎকালীন উজিরপুর-বাবুগঞ্জ) আসন থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। দলের প্রয়োজনে তাকে ঢাকায় নির্বাচন করতে হয়েছে। আগামী দিনে বরিশাল নগরীর বাসিন্দা হিসেবে বরিশাল- ৫ (সদর) আসন থেকে নির্বাচন করতে চান। দল তাকে এ আসন থেকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।
সাংবাদিক এম মোফাজ্জেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রবীণ সাংবাদিক অরুপ তালুকদার, মো. নাছিমুল হক নাছিম, হুমাউন কবীর, কাজী মিরাজ মাহমুদ, ফিরদাউস সোহাস, মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

