উড়োজাহাজ স্বল্পতার দোহাই দিয়ে ঢাকা-বরিশাল আকাশপথে ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ বিমান। শুক্রবার থেকে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। যদিও সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্রুত সময়ে বিমান চলাচল পুনরায় শুরু করা হবে।
সূত্র জানায়, ১৯৯৫ সালে বরিশাল বিমানবন্দর আনুষ্ঠানিভাবে উদ্বোধনের পর থেকে বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট চলাচল শুরু হয়। এরপর নানা টালবাহানায় একাধিকবার বন্ধ ছিল এ রুটের বিমান চলাচল। তবে পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রী কমেছে—এমন অজুহাত দেখিয়ে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে এ রুটে ফ্লাইট চলাচল কমিয়ে সপ্তাহে তিনদিন চালু রাখা হয়। বিমান সংকটের অজুহাতে পরোপুরি বন্ধ হলো এ রুটের বিমান চলাচল।
এ বিষয়ে বরিশালের ব্যবসায়ী আবদুল মজিদ বলেন, বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ রুটটি অচল হয়ে গেল।
ফ্লাইট পরিচালন-সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, উড়োজাহাজ কম থাকার কারণে বরিশালসহ দুটি রুটে ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট বন্ধের চিন্তা নেই। পরিচালনা করার মতো দুটি উড়োজাহাজ পেলেই এ রুটে বিমান চলাচল শুরু হবে।
সূত্রমতে, বাংলাদেশ বিমানের ‘এস-২ একেডি’ নম্বরের উড়োজাহাজ বৃহস্পতিবার বিকালে সব শেষ ঢাকা থেকে ৬০ জন যাত্রী নিয়ে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফের ৬৫ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকায় ফিরে যায়। এ রুটে বর্তমানে কোনো বেসরকারি উড়োজাহাজও যাত্রী পরিবহন করছে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

