আইসিইউ-সিসিইউ স্থাপনের আশ্বাসে ভোলায় অনশন ভাঙলেন যুবকরা

আইসিইউ-সিসিইউ স্থাপনের আশ্বাসে ভোলায় অনশন ভাঙলেন যুবকরা

ভোলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনসহ চার দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে আমরণ অনশন প্রত্যাহার করেছেন আন্দোলনরত যুবকেরা।

বুধবার রাতে জেলা প্রশাসক ডা. শামীম রহমান দাবি পূরণের আশ্বাস দিয়ে তাদের জুস পান করানোর মাধ্যমে অনশন ভাঙান।

বিজ্ঞাপন

এর আগে চার দফা দাবিতে টানা ২৮ দিন আন্দোলনের পর গত মঙ্গলবার আমরণ অনশনে বসেন ভোলার কয়েকজন যুবক। অনশনের দ্বিতীয় দিনে দুজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি নজরে এলে জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেনের মাধ্যমে তাদের খোঁজখবর নেন। পরে জেলা প্রশাসক নিজে অনশনস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, দাবিগুলো বাস্তবায়নে সরকারের কাছে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। অল্প সময়ের মধ্যেই আইসিইউ ও সিসিইউ স্থাপন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি চিকিৎসক ও নার্স পদায়ন এবং হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসকের আশ্বাসে অনশন ভাঙতে সম্মত হন আন্দোলনকারীরা। পরে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, সিভিল সার্জন ডা. মো. মুনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন এবং সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরাফাতুর রহমান অনশনকারীদের জুস পান করিয়ে অনশন প্রত্যাহার করান।

অনশন ভাঙার সময় আন্দোলনকারীদের মধ্যে নয়ন খান, রাকিব পালোয়ান, তানজীল শরীফ ও ইয়ামিন বলেন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দাবি বাস্তবায়নের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন। ভোলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে তাদের এই আন্দোলন ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন