বরিশালের ২১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

বরিশালের ২১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশাল বিভাগের ২১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস। শনিবার বরিশাল প্রেস ক্লাবে এই বিভাগের সব আসনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় নামগুলো ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে নাম ঘোষণা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। দলটির প্রার্থীরা হলেন- বরিশাল-১ আসনে অধ্যাপক সাইদুর রহমান শাহীন, বরিশাল-২ আসনে মোস্তাফিজুর রহমান ইরান, বরিশাল-৩-এ অধ্যাপক মাওলানা মুহাম্মদ মোয়াজ্জম হোসাইন, বরিশাল-৪-এ অধ্যাপক রুহুল আমীন কামাল, বরিশাল সদর-৫-এ অধ্যাপক একেএম মাহবুব আলম ও বরিশাল-৬-এ অধ্যাপক মোশাররেফ হোসেন খান।

বিজ্ঞাপন

বরগুনা-১ আসনে অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন ও বরগুনা-২-এ অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। পটুয়াখালী-১ আসনে অধ্যাপক মাওলানা সাইদুর রহমান, পটুয়াখালী-২-এ মাওলানা আইয়ুব বিন মুশা, পটুয়াখালী-৩-এ অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, পটুয়াখালী-৪-এ ডা. জহির আহম্মেদ।

ঝালকাঠী-১ আসনে মাওলানা মইনুল ইসলাম ও ঝালকাঠী-২-এ ডা. ছিদ্দিকুর রহমান। ভোলা-১-এ মাওলানা সামসুল আলম, ভোলা-২-এ অধ্যক্ষ মাওলানা সালেহ উদ্দীন, ভোলা-৩-এ মাওলানা আবদুর রাজ্জাক ও ভোলা-৪-এ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফুজুর রহমান। পিরোজপুর-১ আসনে মাওলানা আবদুল গফ্ফার, পিরোজপুর-২-এ হাফেজ নুরুল হক ও পিরোজপুর-৩-এ অধ্যাপক মোতালেব হোসেন।

প্রার্থীদের স্বাগত জানিয়ে মতবিনিময় সভায় খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক প্রধান বলেন, নির্বাচনের আগে সংস্কার, বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশি-বিদেশি ষড়যন্ত্রে পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যা, ২০১৩ সালের শাপলা চত্বরে আলেম ও উলামাদের হত্যা এবং ২০২১ সালে ২১ জনকে গুলি করে হত্যার ঘটনা জুলাই ঘোষণাপত্রে যুক্ত করতে হবে।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদবিরোধী ইসলামী শক্তিগুলোকে নিয়ে বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে ঐক্যের প্রশ্নে সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রার্থীর মনোনয়নের বিষয়ে ছাড় দিতে প্রস্তুত আছে খেলাফত মজলিস। তবে তারা পিআর পদ্ধতিতে ভোটের পক্ষে নন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন