গৌরনদীর আলোচিত সেই এসিল্যান্ডকে প্রত্যাহার

গৌরনদীর আলোচিত সেই এসিল্যান্ডকে প্রত্যাহার

বরিশালের গৌরনদী উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) মো. মেহেদী হাসানকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য বরিশাল বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ভূমি সেবাপ্রত্যাশীদের মাসের পর মাস ভোগান্তি দেওয়ার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

একাধিক ভূমি সেবাপ্রত্যাশীর অভিযোগ, সারা বাংলাদেশে ১/১ (খ) খতিয়ানভুক্ত জমির কাগজপত্র সঠিক থাকলে আবেদনকারীর অনুকূলে নামজারি প্রদান করা হলেও গৌরনদী ভূমি অফিস ছিল তার ব্যতিক্রম। এসিল্যান্ড মেহেদী হাসানের খামখেয়ালিপনায় মাসের পর মাস ভূমি অফিসে ঘুরেও (খ তালিকাভুক্ত) সম্পত্তির নামজারি পাওয়া যায়নি।

একের পর এক তারিখ দিয়ে সময়ক্ষেপণ করে সেবাপ্রার্থীদের ভোগান্তি সৃষ্টি করেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার মুখে পড়েন ওই এসিল্যান্ড।

একাধিক সংবাদকর্মী জানিয়েছেন, এসিল্যান্ডকে খাল দখলের বিষয়ে তথ্য দিয়ে বিপাকে পড়তে হয়েছে। তিনি দখলকারীদের কাছে তথ্য প্রদানকারীর নাম বলে দিয়ে সংবাদকর্মীদের বিপাকে ফেলেছেন। যদিও এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কর্মদিবস শেষে গৌরনদীর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিনি বিদায় নিয়েছেন। এ উপজেলায় তিনি এক বছরের বেশি দায়িত্ব পালন করেছেন। এদিকে বৃহস্পতিবার শেষ কর্মদিবসে ‘এসিল্যান্ড গৌরনদী’ নামের ফেসবুক আইডি দিয়ে একটি বিদায়ী পোস্ট করেছেন। সেখানে তিনি তার দায়িত্বকালীন সময়ের স্মৃতিচারণা করেছেন।

উল্লেখ্য, গৌরনদীতে যোগদানের পূর্বে ভোলার বোরহানউদ্দিনে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন মো. মেহেদী হাসান। সেখানে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন