বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে বাস চাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়শ্রী এলাকায় সাজু পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক মোশাররফ হোসেন বালী (৬১)-কে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার জয়শ্রী গ্রামের মৃত মুজার বালীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন তাঁর ছোট ভাই তোবার হোসেন বালী।
পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়শ্রী গ্রামের মো. সেলিম হাওলাদার (৫০) মারা যান। তিনি মোহাম্মদ হাওলাদারের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন প্রতিবেশী মিজানুর রহমান হাওলাদার।
প্রত্যক্ষদর্শী কাজী ইউনুস জানান, আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার পর উজিরপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আহতদের পরিচয়-ঠিকানা সংগ্রহের কাজ চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

