আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুর্বৃত্তের হামলায় পিরোজপুরে বিএনপির দুই নেতা গুরুতর জখম

জেলা প্রতিনিধি, পিরোজপুর

দুর্বৃত্তের হামলায় পিরোজপুরে বিএনপির দুই নেতা গুরুতর জখম
ছবি: আমার দেশ

পিরোজপুরে দুর্বৃত্তরা বিএনপির দুই নেতাকে কুপিয়েছে। এতে তারা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

আহতরা হলেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাছির ও তার ভাতিজা উপজেলার শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু। আহত নাসির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পিরোজপুর সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

আহত রিয়াজ উদ্দিন জানিয়েছেন, রোববার রাত ১১টার দিকে তারা দুজন একটি মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময়ে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আসা একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি পাড়েরহাট বাসস্ট্যান্ডে তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দুজনেরই শরীরের বিভিন্ন স্থানে গভির জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা রেফার করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পিরোজপুর সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন