কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের সেবক হিসেবে কাজ করা বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, নিয়মের মধ্যে থেকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে নাগরিকদের সেবা দিতে হবে। যারা দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করবেন, তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হবে।
শনিবার দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌরসভার প্রশাসক মো. রিয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী বলেন, cxপৌরবাসীর কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ প্রদান, পৌরকর আদায়, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সুপেয় পানি সরবরাহ এবং নিষ্কাশন ব্যবস্থাসহ পৌরসভার প্রতিটি সেবামূলক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো সেবার ক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় পৌরসভার বিগত অর্থ বছরের আয়-ব্যয়, রাজস্ব আদায় ও ব্যয় ব্যবস্থাপনাসহ সামগ্রিক আর্থিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি পৌরবাসীর নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে গৃহীত ও পরিকল্পনাধীন বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা এবং পৌরসভার জন্য একটি স্থায়ী ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোকপাত করা হয়।
সভায় পৌরসভার প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন এবং উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

