বরিশালের বানারীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই সাব্বির নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে দুই ভাইয়ের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে হামলা-পাল্টা হামলার ঘটনায় গুরুতর আহত হন সাব্বির।
ওই দিন রাত দেড়টায় বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। শুক্রবার সকালে হাসপাতাল থেকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোরশেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে। তিনি বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য ও বরিশালের বিভিন্ন ব্যান্ডদলের জনপ্রিয় সুদক্ষ ড্রামার ছিলেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোরশেদ আলম দিলির মোল্লার পরিবারের সঙ্গে দীর্ঘদিন থেকে বাড়ির জমিজমা নিয়ে একটি পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছে। অতি সম্প্রতি প্রতিপক্ষের লোকজনে মোরশেদ আলম দিলির মোল্লার পরিবারকে ৩২ শতক জমি লিখে দিয়ে পূর্ববিরোধ মীমাংসা করেন। ওই ৩২ শতক জমি নিয়ে মোরেশদ আলম দিলির মোল্লার ছেলে উপজেলা ছা্ত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম বিপুল মোল্লার সঙ্গে তার ছোট ভাই উপজেলা যুবদলের সাবেক সদস্য সাব্বির মোর্শেদ শিশির মোল্লার ওরফে শিশির বাবুর বিরোধের সৃষ্টি হয়।
সূত্রে আরও জানা গেছে, ওই বিরোধের জেরধরে বৃহস্পতিবার দিবাগত রাতে দুই ভাইয়ের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে শিশির বাবু গুরুতর আহত হন। পরে তার পরিবারের সদস্যরা তাকে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে ওই দিন রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত কিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত বাবুর স্ত্রী এক সন্তানের জননী লিজা বেগম অভিযোগ করেন, তার স্বামীকে বড় ভাই বিপুল মোল্লা বেধড়ক মারধর করেছেন। একপর্যায়ে শিশির বাবু মাটিতে পরে গেলে তার বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল। এমনকি চিকিৎসার জন্য শিশির বাবুকে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নিতে বাঁধা প্রদান করে বিপুল। স্বামীর মৃত্যুর পর একমাত্র শিশু কন্যাকে নিয়ে অসহায়ত্বের কথা প্রকাশ করে লিজা বেগম বলেন, আমাদের সামনে এখন শুধুই অন্ধকার।
অভিযোগের ব্যাপারে বানারীপাড়া উপজেলা ছা্ত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নিহতের ভাই জহিরুল ইসলাম বিপুল মোল্লার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানান, দুই ভাইয়ের মধ্যে মারামারি ও পরবর্তীকালে একজনের মৃত্যুর বিষয়টি লোকমুখে শুনেছি। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

