গণমাধ্যম সমাজের আয়না, নিরপেক্ষতা বজায় রাখতে হবে : এমপি মোশাররফ

গণমাধ্যম সমাজের আয়না, নিরপেক্ষতা বজায় রাখতে হবে : এমপি মোশাররফ
এবিএম মোশাররফ হোসেন এমপি। ছবি: আমার দেশ

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘গণমাধ্যম হলো সমাজের আয়না। কেউ অন্যায় করলে তা তুলে ধরবেন। পাশাপাশি ইতিবাচক দিকগুলোও তুলে আনবেন। তাহলেই নিরপেক্ষতা বজায় থাকবে। ভালো কাজ করা মানুষগুলো ভালো কাজ করতে আরও আগ্রহী হবে।’

শনিবার দুপুরে কলাপাড়া পৌর অডিটোরিয়াম মিলনায়তনে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘আপন নিউজ ডটকম’-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় মোশাররফ হোসেন বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে প্রভাবশালী র‌্যাব প্রধান বেনজীর আহমেদের অন্ধকার দিকগুলো সর্বপ্রথম গণমাধ্যম তুলে ধরেছিল। ওই কারণেই বেনজীরের শেষ রক্ষা হয়নি। হয়নি তার অবৈধ সম্পদের রক্ষা।’

তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের কাজ শুধু সমালোচনা করা নয়; সমাজের অসংগতি ও অনিয়ম তুলে ধরার পাশাপাশি ভালো কাজের খবরও মানুষের সামনে তুলে ধরতে হবে। এতে সমাজে ইতিবাচক কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়বে এবং ভালো কাজ করা ব্যক্তিরা আরও উৎসাহিত হবেন।’

অনুষ্ঠানে ‘আপন নিউজ ডটকম’-এর সম্পাদক ও প্রকাশক আলমগীর সিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক প্রমুখ।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন