ভোলা শহরে তাবলীগ জামায়াতের জোবায়ের-সমর্থিত ওলামা মাসায়েখ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাদবিরোধী সমাবেশ চলাকালে সংবাদ সংগ্রহের সময় স্বেচ্ছাসেবীদের হামলার শিকার হন দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক আবস্থায় তাকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়। গত ২৪ ডিসেম্বর দুপুর ১২টায় ভোলা শহরের সদর রোডে বরিশাল দালানের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, তাবলীগ জামায়াতের ঢাকার টঙ্গীতে হত্যাকাণ্ডের ঘটনায় সাদ গ্রুপকে নিষিদ্ধ করা ও হত্যার বিচার দাবিতে সকাল থেকে ভোলার সদর রোড অবরুদ্ধ করে সমাবেশ করছিল ভোলার জোবায়ের-সমর্থক ওলামা মশায়েখ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসময় চকবাজারের মাথায় বরিশাল দালানের সামনে ফুটপাতে কতিপয় মহিলা পথচারী আটকে পড়লে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ সমাবেশের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের মহিলা পথচারীদের পথ ছেড়ে দিতে অনুরোধ করেন।
কিন্তু স্বেচ্ছাসেবীরা পথচারীদের পথ ছাড়তে রাজি না হয়ে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতি শুরু করেন। এ সময় রিয়াজ নামের এক স্বেচ্ছাসেবী পাশ থেকে এসে হঠাৎ ওই সাংবাদিকের মাথায় বাঁশের লাঠি দিয়ে সজোরে আঘাত করেন। আঘাতের সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়লে পাশে থাকা অপর সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার মাথায় গুরুতর জখম হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় রেফার করেন। এ ঘটনায় ভোলা মডেল থানায় সাংবাদিক ইউনুছ শরীফ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ এবং ১৪০ থেকে ১৫০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন (মামলা নং-৪০; ২৫ ডিসেম্বর, ২০২৪)। তবে রহস্যজনক কারণে পুলিশ কোনো আসামি এখনো গ্রেপ্তার করতে পারেনি।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন আহমেদ পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে তিনি জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, আমরা এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ভোলার সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা প্রেস ক্লাবের প্রধান সমন্বয়ক ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ মুহাম্মদ শওকাত হোসেন, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু, ভোলা প্রেস ক্লাবের সহ-সমন্বয়ক ও কালবেলা জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট সাহাদাত শাহিন, বাসসের স্টাফ রিপোর্টার আল আমিন শাহরিয়ার, একুশে টিভি জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি এম হেলাল উদ্দিন, দৈনিক ভোলার বাণী সম্পাদক মো. মাকসুদুর রহমান, ডিবিসি প্রতিনিধি এইচএম জাকির, চ্যানেল২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু প্রমুখ।
এদিকে দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা প্রতিনিধি ইউনুছ শরীফের ওপর জোবায়েরপন্থি তাবলীগ জামাতের সদস্যদের হামলার ঘটনায় দোষীদের শাস্তি দাবি ও প্রতিবাদ সভা করেছেন ভোলার সাংবাদিকরা। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ভোলা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সাংবাদিক ইউনুছ শরীফের ওপর সন্ত্রাসী কায়দায় তাবলীগ জামাতের উগ্রবাদী সদস্যদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ঘটনার মূলহোতা রিয়াজসহ সবাইকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

