শিশুদের নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা মানসম্মত করার আহ্বান

শিশুদের নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা মানসম্মত করার আহ্বান

শিশুদের নিরাপত্তা, যত্ন, সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও মানসম্মত করার আহবান জানিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। মঙ্গলবার বরিশাল আঞ্চলিক সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা’ বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ আরো বলেন, জন্ম, ধর্ম, বর্ণ কিংবা সামাজিক পরিচয়ের ভিত্তিতে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। পৃথিবীর সব মানুষ সমান মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রাখে। মানুষে মানুষে যে পার্থক্য বা বিভাজন বিদ্যমান, তার অধিকাংশই সমাজ ও মানুষের তৈরি। তাই আমাদের প্রত্যেকের উচিত মানুষকে প্রথমে মানুষ হিসেবে মূল্যায়ন করা।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের প্রতি আরও দায়িত্বশীল ও মানবিক আচরণ, তাদের অধিকার রক্ষা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। প্রতিটি শিশু যেন নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে বেড়ে উঠতে পারে এবং প্রতিষ্ঠানগুলো যেন তাদের জন্য আস্থার জায়গা হিসেবে গড়ে ওঠে, সে লক্ষ্যে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সমাজে বিভেদ নয়, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। মানুষের প্রতি এই ইতিবাচক দৃষ্টিভঙ্গিই একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সহায়তা করতে পারে।

অনুষ্ঠানে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক শাহজাদী আক্তার, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার দিলরুবা রইচি, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার শেখ জহির উদ্দিন আহম্মদ, জেলা সমাজসেবা কার্যালয়ের অফিসার ইসমত আরা খানম ও সরকারি শিশু পরিবার বালিকা উপ-তত্ত্বাবধায়ক ফারজানা রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের লেকচারার মোসা. সামসুন্নাহার। এসময় বিভিন্ন ক্যাটাগরির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে তিনজন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন