বাসমালিকদের নির্যাতন বন্ধের দাবিতে অটোরিকশাচালকদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, ভোলা

বাসমালিকদের নির্যাতন বন্ধের দাবিতে অটোরিকশাচালকদের মানববন্ধন
ছবি: আমার দেশ

ভোলায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের ওপর বাস মালিক সমিতির অত্যাচার-নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা । ৩০ জুন মঙ্গলবার ভোলা প্রেসক্লাবের সামনে দীর্ঘ মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে ভোলা বাস মালিক সমিতি তাদের পালিত ক্যাডার দিয়ে চালক ও সিএনজি অটোরিকশার ওপর হামলা করছেন। সিএনজিতে যাত্রী বহনের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে এবং অটোরিকশা চলাচলে বাসমালিকরা সবসময় বাধা দিয়ে আসছেন। যে কোনো অজুহাতে সিএনজি ভাঙচুর ও পুড়িয়ে ফেলা এবং শ্রমিকদের মেরে আহত করা হচ্ছে।

বিজ্ঞাপন

এই নিয়ে বাসমালিক সমিতির সঙ্গে বসাবসি হলেও কাজের কাজ কিছুই হয়নি। যার কারণে আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি।’

তারা আরো বলেন, অনতিবিলম্বে অটোরিকশা ও চালকদের পর থেকে বাস মালিক সমিতি ও বাস শ্রমিকদের অত্যাচার-নির্যাতন বন্ধ করতে হবে। অটোরিকশার জন্য চরফ্যাশন ও ভোলায় নির্ধারিত স্ট্যান্ড করতে হবে। সব ধরনের হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। বাস ও সিএনজির আলাদা অবস্থান ঠিক করতে হবে।

তারা বলেন, ভোলার গ্যাস দিয়ে যদি অটো চালানো যেত, ‘তাহলে আমরা যাত্রী তিনজন পরিবহন করলে সমস্যা থাকত না। এখন পাঁচজন যাত্রী বহন করলেই বাস মালিক সমিতি ও শ্রমিকেরা আমাদের ওপর নির্যাতন করে। সমিতির কাছে তারা সিএনজি অটো ও চালকদের চিকিৎসার ক্ষতিপূরণ দাবি করেন। আমাদের ভোলার গ্যাস ভোলায় কাজে লাগিয়ে কম দামে গ্যাস বিতরণের ব্যবস্থা করতে হবে।’

মানববন্ধন শেষে ভোলা জেলা প্রশাসকের কাছে ১০ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন—বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মো. কামাল উদ্দিন, চরফ্যাশন উপজেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পো, মিশুক, বেবিট্যাক্সি, ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন জেলা সহসভাপতি মোহাম্মদ বাহারুল ইসলাম, জেলা সেক্রেটারি ইকবাল হোসেন রিপন, সিএনজি শ্রমিক মো. হাসান, মো. মামুন, চরফ্যাশন শ্রমিক নেতা মো. হাসান প্রমুখ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন