জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্বদানকারী বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অন্যতম সহযোগী হালিম রেজা মোফাজ্জেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাত ১টা ৩০ মিনিটে নগরীর সিঅ্যান্ডবি পুল এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্বে ছিলেন হালিম রেজা মোফাজ্জেল। বিশেষ করে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে তিনি ও তার দলবল নগরীর নথুল্লাবাদ, হাতেম আলী কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে হামলার নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার অন্যতম আসামি হালিম রেজা।
১৭ বছর ক্ষমতার দাপটে টেন্ডারবাজিসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তিনি সাউথ এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের এমডি ও এ্যাপোলো মেডিকেল কলেজের চেয়ারম্যান পদে প্রভাব খাটিয়ে একক আধিপত্য বিস্তার করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, বরিশাল নগরীতে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না। যারা নৈরাজ্যের চেষ্টা করছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

