বউ-শাশুড়ির ঝগড়ার পর শাশুড়ির মৃত্যু, পুত্রবধূ আটক

বউ-শাশুড়ির ঝগড়ার পর শাশুড়ির মৃত্যু, পুত্রবধূ আটক

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদে বউ-শাশুড়ির ঝগড়া ও মারামারির ঘটনায় রুনু বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার পুত্রবধূ ফাতেমা বেগমের (২৬) বিরুদ্ধে গলা চেপে ধরার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফাতেমাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে শায়েস্তাবাদ ইউনিয়নের আটহাজার গ্রামের পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুনু বেগমের মরদেহ উদ্ধার করে। পরে তার পুত্রবধূ ফাতেমা বেগমকে আটক করে থানায় নেওয়া হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে ফাতেমা বেগম ও তার শাশুড়ি রুনু বেগমের মধ্যে ঝগড়াঝাঁটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারি শুরু হয়। এ সময় ফাতেমা বেগম তার শাশুড়ির গলা চেপে ধরেছেন বলে অভিযোগ ওঠে। এতে শ্বাসরোধ হয়ে রুনু বেগমের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।

ঘটনাস্থলে থাকা কাউনিয়া থানার এএসআই শরীফ জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং রুনু বেগমের মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

কাউনিয়া থানার ওসি সঞ্জিৎ চন্দ্র নাথ আমার দেশকে বলেন, বউ-শাশুড়ির ঝগড়া ও মারামারির একপর্যায়ে শাশুড়ি রুনু বেগম পুত্রবধূ ফাতেমা বেগমের হাতের একটি আঙুল কামড়ে ধরে। এ সময় পুত্রবধূ ফাতেমা শাশুড়ির গলা চেপে ধরলে শ্বাসরোধ হয়ে সে মারা যায় বলে শুনেছেন।

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের ছেলে রেদওয়ান বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন