শহীদ পরিবারের পাশে আছি, থাকবো: আলতাফ চৌধুরী

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

শহীদ পরিবারের পাশে আছি, থাকবো: আলতাফ চৌধুরী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপি শহীদ পরিবারের পাশে আছে এবং থাকবে।

বিজ্ঞাপন

বুধবার বেলা ১১টায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া এলাকায় শহীদ জসিম উদ্দিনের কবর জিয়ারত শেষে দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনু্ষ্ঠিত সংক্ষিপ্ত সভায় তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শহীদ পরিবারের পাশে সবসময় আছি। শহীদ কন্যাকে ধর্ষণের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি হবে বলেও তিনি আশ্বাস দেন।

এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলীয় পরিচয়ে কোনো অন্যায় মেনে নেয়া হবে না। অপরাধী যে-ই হোক তাকে শাস্তির আওতায় আনা হবে। পরে শহীদ জসিমের স্ত্রী রুমা এবং কন্যা লামিয়ার হাতে ঈদের উপহার ও আর্থিক অনুদান তুলে দেন তিনি।

পরে পাংগাশিয়া আল মদিনা ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মন্নান গাজীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন আলতাফ হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন তপন, বর্তমান সাধারণ সম্পাদক শরীফ সালাউদ্দিন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমুন নাহার নাজু, দুমকি উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন