পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি মৃত অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ। বুধবার (১৫ এপ্রিল) ভোরে সৈকতের কাউয়ারচর সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন এলাকায় জোয়ারের পানির সঙ্গে কচ্ছপটি তীরে উঠে আসে। কচ্ছপটির ওজন আনুমানিক ৪০ কেজি।
জানা গেছে, ভোর আনুমানিক ৬টার দিকে স্থানীয় স্বেচ্ছাসেবী আব্দুল জলিল প্রথমে কচ্ছপটিকে সৈকতে পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি বন বিভাগকে অবহিত করেন। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় এবং অনেকে ঘটনাস্থলে ভিড় জমান।
এ বিষয়ে আব্দুল জলিল বলেন, ভোরে হাঁটতে গিয়ে দূর থেকে কচ্ছপটিকে দেখতে পাই। কাছে গিয়ে দেখি এটি মৃত অবস্থায় পড়ে আছে। এত বড় একটি কচ্ছপ এভাবে মারা যেতে দেখে খুব খারাপ লেগেছে। বিষয়টি দ্রুত বন বিভাগকে জানাই।
স্থানীয় পরিবেশকর্মী আবুল হোসেন রাজু বলেন, বারবার এভাবে সামুদ্রিক প্রাণীর মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। উপকূলীয় পরিবেশ রক্ষায় এখনই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় আমাদের জীববৈচিত্র্য চরম ঝুঁকির মুখে পড়বে।
পরিবেশবিদরা মনে করছেন, সামুদ্রিক দূষণ, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এসব কচ্ছপের অকাল মৃত্যুর অন্যতম কারণ হতে পারে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় মৃত কচ্ছপটিকে সৈকতের পাশেই মাটি চাপা দেওয়া হয়েছে। কচ্ছপটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

