ঝালকাঠিতে নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল

ঝালকাঠিতে নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল
নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে।

ঝালকাঠিতে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েক দিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে সুগন্ধা, বিষখালীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে। এতে জেলার নলছিটি, কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের ২০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে।

বিজ্ঞাপন

প্লাবিত এলাকাগুলোর মধ্যে শৌলজালিয়া, আমুয়া, পাটিখালঘাটা, হেতাল বুনিয়া ও প্রেমহার উল্লেখযোগ্য। টানা বৃষ্টি ও অতিরিক্ত জোয়ারে এসব এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে অসংখ্য মানুষ।

এদিকে পানিতে তলিয়ে গেছে রোপা আমন ও আমনের বীজতলা। পেঁপে, লাউ, করলা, চিচিঙ্গা, চালকুমড়াসহ বিভিন্ন ধরনের তলাকৃষি পানিতে ডুবে থাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ আমার দেশকে বলেন, পানি যদি দুই-তিন দিন স্থায়ী হয়, তাহলে আমন, পানের বরজসহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা আমার দেশকে বলেন, জোয়ার ও বৃষ্টিতে ঝালকাঠির নদ-নদীর পানি বাড়লেও এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন