পহেলা বৈশাখকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরে ইলিশের বাজারে রীতিমতো আগুন লেগেছে।
শনিবার (২৮ মার্চ) সকালে পাথরঘাটা মৎস্য বন্দরে ১ কেজি ৭৬৫ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। মণ হিসেবে এই মাছের দাম পড়েছে ১ লাখ ৭০ হাজার টাকা।
পাথরঘাটা মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে মাছটি বিক্রির জন্য আনা হলে স্থানীয় পাইকারদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যায়। খোলা ডাকে অংশ নেন একাধিক ব্যবসায়ী। শেষ পর্যন্ত সর্বোচ্চ দরদাতা হিসেবে পাইকার ও মার্চেন্ট ফিস ব্যবসায়ী আলহাজ জাকির হোসেন মাছটি ক্রয় করেন।
পাথরঘাটা মৎস্য বন্দরের ব্যবসায়ী ইমরান হোসেন জানান, বর্তমানে বাজারে ইলিশের সরবরাহ অত্যন্ত কম। সাগরে মাছ ধরা পড়ছে না বললেই চলে। আজ সকালে বলেশ্বর নদীতে ধরা পড়া এই ইলিশটি তাই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তিনি বলেন, পহেলা বৈশাখ সামনে রেখে বড় আকারের ইলিশের চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে। একইসঙ্গে ছোট আকারের জাটকা ইলিশও প্রতি মণ প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতা আলহাজ জাকির হোসেন বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে বড় ইলিশের ব্যাপক চাহিদা থাকায় আমি খোলা ডাকে সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনেছি। এটি ইতোমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে, সেখানে আরও ভালো দামে বিক্রি হবে বলে আশা করছি।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানান, আগামী মাসে মাছের প্রজনন ও বৃদ্ধি নিশ্চিত করতে গভীর সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করবে সরকার। এই নিষেধাজ্ঞা জেলেরা সঠিকভাবে পালন করলে ভবিষ্যতে সমুদ্র ও নদীতে এ ধরনের বড় আকারের মাছ আরও বেশি পাওয়া যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

