শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ছাত্র সজীব বাড়ৈ। গত ২২ মে রাতে আত্মহত্যার চেষ্টা করেন সজীব। সহপাঠীরা অসুস্থ অবস্থায় তাকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তার মৃত্যু হয়।
রোববার সকালে জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের পারিবারিক শ্মশানে সজীবের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
তার সহপাঠীরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে একটি চিরকুট লেখে সে। সেখানে সে লেখে, ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও।’
সজীবের রুমমেট সুমন হালদার বলেন, সজীব প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। সে তৃতীয় বর্ষের মাইক্রোবায়োলজিতে আটকে ছিল। তার সঙ্গের শিক্ষার্থীরা সবাই এমবিবিএস পাস করেছে। যে কারণে নিজের প্রতি অনেক অভিমান ছিল সজীবের।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার জানান, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সজীব নিজের শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় মুমূর্ষু অবস্থায় সজীব বাড়ৈকে ঢাকায় পাঠানো হয়েছিল। গত শনিবার বিকেলে সে মারা গেছে। বিষয়টি খুবই দুঃখজনক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

