পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কেউ যদি তার নাম বা প্রভাব ভাঙিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে, তবে সে যতই প্রভাবশালী হোক না কেন তাকে আইনের কঠোর আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। প্রশাসনকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। চাঁদাবাজ, মাদক, নৈরাজ্যকারী কোন দলের নয়, এদেরকে আশ্রয় প্রশ্রয় দিলে তারাও একই অপরাধের সামিল হবেন।
সোমবার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সভা, প্রশাসনের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের যথাসময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের গাফিলতি বা অবহেলা সহ্য করা হবে না। তিনি বলেন, জনগণের করের টাকায় পরিচালিত সরকারি প্রতিষ্ঠানগুলোকে জনগণের কল্যাণে সর্বোচ্চ দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।
উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে তিনি স্বরূপকাঠি উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি বানারীপাড়া–ছারছিনা–স্বরূপকাঠি–কাউখালী–নৈকাঠি–পিরোজপুর সড়কের প্রায় ৩২ কিলোমিটার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন এবং নাপিতখালী সেতুর ৬৯.০৪২ মিটার দৈর্ঘ্যের সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমের কথা উল্লেখ করেন। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া প্রতিমন্ত্রী স্বরূপকাঠি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কাম সাইক্লোন সেন্টারের শুভ উদ্বোধন করেন এবং এলজিইডি বাস্তবায়িত ‘উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প’-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় মিলিত হন এবং উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ছয়টায় প্রতিমন্ত্রী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক ইফতার মাহফিলে যোগ দেন। সেখানে তিনি রমজানের শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

