মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের দুর্নীতির কারণে স্বাস্থ্য খাত ভেঙে পড়ছিল: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের দুর্নীতির কারণে স্বাস্থ্য খাত ভেঙে পড়ছিল: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কাজ করছে।

বিজ্ঞাপন

শনিবার বেলা ১১টার বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ৫০ শয্যা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করেছি। বর্তমান চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় হাসপাতালে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার দেশের দরিদ্র মানুষ ওষুধ পায় না আর এখানে লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ।

বাথরুমেও ছড়ানো-ছিটানো সরকারি ওষুধ। হাসপাতালের এসব অনিয়ম দেখে ঘটনাস্থলে বসেই মন্ত্রী সিভিল সার্জন, ডিডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় তিনি পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রসঙ্গে মন্ত্রী জানান, কিছুদিনের মধ্যেই স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যার টেন্ডার প্রক্রিয়ায় কার্যক্রম শুরু হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান নাসের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন