আমরা জীবন দেবো, তবুও জুলাই দেবো না: ডা. ইরান

আমরা জীবন দেবো, তবুও জুলাই দেবো না: ডা. ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, “অর্থ, অস্ত্র, কালো টাকা, পেশীশক্তি, হোন্ডা ও গুন্ডার রাজনীতির অবসানের জন্যই ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই গণঅভ্যুত্থান। আমরা জীবন দেবো, তবুও জুলাই দেবো না।”

বিজ্ঞাপন

শনিবার সকাল ১১টায় বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকায় দলীয় কার্যালয়ে বরিশাল জেলা ও মহানগর লেবার পার্টি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরিশাল মহানগর লেবার পার্টির সভাপতি মো. সোহেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডা. ইরান বলেন, “আমরা খাই-খাই রাজনীতি ও লুটপাটের গণতন্ত্র চাই না। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে গণভোটের রায় কার্যকর করতে লেবার পার্টি রাজপথে সক্রিয় থাকবে।”

তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে রাজনীতিতে গুণগত পরিবর্তন না হওয়ায় সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদেরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। টাউট-বাটপার, লুটেরা, অর্থপাচারকারী, মানবপাচারকারী, মাদক ব্যবসায়ী ও কালোবাজারি সিন্ডিকেটের দৌরাত্ম্য সর্বত্র বিস্তৃত। যেকোনো মূল্যে অর্থ-সম্পদ অর্জনের প্রতিযোগিতায় রাজনীতি এখন লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। আমলা, পুঁজিপতি ও সুবিধাবাদীদের অনুপ্রবেশে রাজনীতির আদর্শিক চরিত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. ইরান আরও বলেন, “জনগণ একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে গণতান্ত্রিক ব্যবস্থা ও নতুন বন্দোবস্ত চেয়েছে। জনগণের আন্দোলনে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের কবর রচিত হয়েছে। আবু সাঈদ, মুগ্ধ, আউয়াল মিয়া ও নাঈমরা পুরোনো ও নোংরা রাজনীতি টিকিয়ে রাখতে জীবন উৎসর্গ করেননি। তাই নতুন ধারার রাজনীতি ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে লেবার পার্টিকে তৃণমূল থেকে আরও সুসংগঠিত করতে হবে।”

প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই এবং বাংলাদেশ যুব মিশনের আহ্বায়ক সালমান খান বাদশা।

এ ছাড়া বক্তব্য দেন বরিশাল জেলা লেবার পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান হাওলাদার, পটুয়াখালী জেলা লেবার পার্টির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন হাওলাদার, ঝালকাঠি জেলা লেবার পার্টির সমন্বয়কারী মোহাম্মদ মাসুদ খান, পিরোজপুর জেলা লেবার পার্টির যুগ্ম আহ্বায়ক মো. ওয়ালি উল্লাহ হাওলাদার এবং নেছারাবাদ উপজেলা লেবার পার্টির যুগ্ম আহ্বায়ক মো. সাদেক হোসেনসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন