ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী সাজু পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৪টা থেকে ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাত একটি যানবাহন প্রায় ৫২ বছর বয়সি এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির কপাল, চোখের বাম পাশ, ডান হাত ও বাম পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদ রাকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ, উজিরপুর মডেল থানা জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের সর্বোচ্চ চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।
ঘটনাস্থল পরিদর্শন করেছে থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ। পরে মরদেহ হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বর্তমানে ওই এলাকায় যানবাহন চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

