পটুয়াখালীতে জেলেদের মধ্যে ২৭ হাজার লিটার ডিজেল সরবরাহ

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীতে জেলেদের মধ্যে ২৭ হাজার লিটার ডিজেল সরবরাহ

পটুয়াখালীর মহিপুরে বঙ্গোপসাগরে মাছ ধরা নিশ্চিত করতে এবং দরিদ্র জেলেদের জীবন-জীবিকার কথা বিবেচনায় রেখে জরুরি ভিত্তিতে ২৭ হাজার লিটার অতিরিক্ত ডিজেল সরবরাহ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় মহিপুর–আলীপুর মৎস্য বন্দরের দুটি ফিলিং স্টেশনের মাধ্যমে এই জ্বালানি তেল বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেকের ব্যবস্থাপনায় ডিএম ও মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি এই অতিরিক্ত তেল সরবরাহ নিশ্চিত করে।

এই বিশেষ ব্যবস্থাপনার আওতায় ছোট, মাঝারি ও বড় আকারের প্রায় ৭০টি ট্রলারকে তাদের চাহিদা অনুযায়ী ৪০০, ৬০০ এবং ১০০০ লিটার করে ডিজেল প্রদান করা হয়েছে।

আগামী ১৫ এপ্রিল থেকে সমুদ্রে মাছ ধরার ওপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। নিষেধাজ্ঞা শুরুর আগে জেলেরা যেন অন্তত শেষবারের মতো সাগরে যেতে পারেন, সেই সুযোগ করে দিতেই জেলা প্রশাসনের এই উদ্যোগ।

আলীপুর ও মহিপুরে সরাসরি তেল সরবরাহ করায় জেলে ও ট্রলার মালিকদের মধ্যে স্বস্তি ফিরলেও চাহিদার তুলনায় এটি পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন অনেকে। ট্রলার মালিকেরা জানান, বড় ট্রলার নিয়ে ১৫-১৬ দিনের জন্য সাগরে যেতে একেকবারে ৭০০-৮০০ লিটার ডিজেলের প্রয়োজন হয়।

মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মৎস্য ব্যবসায়ী হাজি মো. ফজলু গাজী এবং মহিপুর আড়ত মালিক সমবায় সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, সমুদ্র অর্থনীতি ও জেলেদের জীবন বাঁচানোর জন্য এমন বিশেষ ব্যবস্থাপনা অত্যন্ত প্রশংসনীয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক জানান, জেলেদের সংকট কাটাতে জেলা প্রশাসকের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ডিজেল সরবরাহেরও আশ্বাস দেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...