বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে এক সাংবাদিকের ওপর হামলা, মারধর এবং মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী মো. মাহফুজুর রহমান মাসুম উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক আমার দেশ ও বৈশাখী টেলিভিশনের উজিরপুর প্রতিনিধি। তার অভিযোগ, বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উজিরপুর উপজেলা পরিষদের সামনে পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা হঠাৎ তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি ও শারীরিকভাবে আঘাত করতে থাকে। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগীর দাবি, হামলার সময় দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। এতে তিনি শারীরিকভাবে আহত হওয়ার পাশাপাশি আর্থিক ও পেশাগত ক্ষতিরও সম্মুখীন হয়েছেন।
তিনি অভিযোগ করেন, মেহেদী ভুইয়া (৩২), সোহেল রানা (৩৫) ও এমদাদুল কাশেম সেন্টু (৫০)-সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি এই হামলায় অংশ নেয়। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। তার দাবি, অভিযুক্তরা এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে তাকে হুমকি ও গালিগালাজ করেছে।
মাহফুজুর রহমান মাসুম ঘটনাটিকে পরিকল্পিত হামলা উল্লেখ করে বলেন, একজন পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনকালে এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি মতপ্রকাশ ও সংবাদ সংগ্রহের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।
ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এদিকে, প্রকাশ্যে কর্মরত এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ, গণ্যমান্য ব্যক্তি ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

