টাকার অভাবে চিকিৎসা বন্ধ

সাপের কামড়ের ৯ দিন পর জেলের মৃত্যু

সাপের কামড়ের ৯ দিন পর জেলের মৃত্যু
সাপের কামড়ে নিহত জেলে বাবলু। ছবি: আমার দেশ

ভোলার দৌলতখানে বিষধর সাপের কামড়ের ৯ দিন পর দুই সন্তানের জনক বাবলু (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আহমদ আলীর ছেলে।

জানা যায়, ৯ দিন আগে সাপে কামড়ানোর পর তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে তাকে দুই দিন আগে বাড়ি নিয়ে আসা হয়। অবশেষে রোববার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পরিবার ও স্থানীয়রা জানান, গত শনিবার রাতে মেঘনা নদীতে মাছ ধরে বাড়ি ফেরার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। স্থানীয়রা দ্রুত তাকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠায়।

সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাবলুর স্ত্রী সুরমা বেগম বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, সাপের বিষে তার পা ও কিডনি মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। তাকে সুস্থ করতে দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। এছাড়া শরীরে রক্তশূন্যতা দেখা দেওয়ায় চিকিৎসা ব্যয় আরও বেড়ে গেছে।

কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় তাকে বাড়ি নিয়ে আসা হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন