বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস, অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় সাজু পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৭২৯৫) ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (যশোর-ট-১১-২৯৩৬) পেছনে সজোরে আঘাত করে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশাটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক মোশাররফ হোসেন বালী (৬১)-কে মৃত ঘোষণা করেন। তিনি উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের মৃত মুজার বালীর ছেলে।
পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়শ্রী গ্রামের মো. সেলিম হাওলাদার (৫০) মারা যান। তিনি মোহাম্মদ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী কাজী ইউনুস জানান, আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

