পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ
ছবি: আমার দেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির পদ স্থগিত নেতা জাকির হোসেন মোল্লার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। গত ১৯ জুন বিকেল ৫টায় উপজেলার রেন্ট্রিতলা স্টেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের দাবি, চাঁদাবাজির অভিযোগে সাংগঠনিক পদ স্থগিত হওয়ার পরও জাকির মোল্লার বিভিন্ন কর্মকাণ্ড ও কথিত হয়রানির প্রতিবাদে তারা এ কর্মসূচির আয়োজন করেন। এ সময় উপস্থিত এলাকাবাসী তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীদের অভিযোগ, পদ স্থগিত হওয়ার পর জাকির মোল্লা সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয়দের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছেন। এছাড়া যারা তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছেন, তাদের বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

উল্লেখ্য, গত ১৬ জুন চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের হাতে গণপিটুনির ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জাকির মোল্লার সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়। চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, শামসুল হক, জাহাঙ্গীর শিকদার, আব্দুল মালেক ভেন্ডার, ইসমাইল হাওলাদার, আনোয়ার হোসেন, মো. ইসমাইল মুন্সী, তাকাব্বর সর্দার, মো. সবুজ, মোহাম্মদ আইয়ুব আলী, সেকান্দার আলি পেদা, মো. মিলন খান ও মোহাম্মদ ইয়াসিনসহ আরও অনেকে।

অভিযোগের বিষয়ে জাকির মোল্লার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আমি আইনি পদক্ষেপ গ্রহণ করেছি। ঘটনার পর থেকে আমি কাউকে কোনো ধরনের হুমকি দেইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন