ভোলা-বরিশাল সেতুর দাবিতে আবারো আন্দোলনে ভোলাবাসী। যে অবস্থায় ভোলা-বরিশাল সেতুর সকল প্রস্তুতি সম্পন্ন সে অবস্থা সড়ক পথের সিদ্ধান্তে হতাশ ভোলার মানুষ। এ অবস্থায় বরিশাল-রহমতপুর-হিজলা মেহেন্দিগঞ্জ হয়ে সড়ক পথে ভোলার সঙ্গে সংযোগের যে সিদ্ধান্ত নিয়েছেন সরকার, সে সিদ্ধান্ত পুনঃবিবেচনার দাবি জানিয়েছেন ‘আমরা ভোলাবাসী’র ব্যানারে আন্দোলনকারীরা। ২৫ আগস্ট মঙ্গলবার ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিতভাবে তারা এ দাবি জানান।
লিখিত বক্তব্যে আমরা ভোলাবাসী সংগঠনের সদস্য সচিব মীর মোশারফ অমি বলেন, ভোলার ২২ লক্ষ্য মানুষকে মূল ভূখণ্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সেতু নির্মাণের ওয়াদা করেছিলেন। পাশাপাশি বিরোধীদলীয় নেতাও এ দাবির সঙ্গে সমর্থন জুগিয়েছে। ভোলা-৪ সাংসদ ভোলাসীর এই দাবি মেনে নিয়ে নির্বাচনের পূর্বে ভোট চেয়েছেন। আন্দোলন সংগ্রামেল কমতি ছিল না ভোলার মানুষের মধ্যে। সব শেষ ভোলা-বরিশাল সেতু হবে এটাই নিশ্চিত।
কিন্তু অজ্ঞাত কারণে ২১ কিলোমিটার হাইওয়ে নির্মাণ ও ৩৬ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ এবং ৩টি সেতু নির্মাণের মধ্য দিয়ে ভোলার সঙ্গে যে সংযোগ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তার সঙ্গে আমরা ভোলাবাসী একমত নই। সময় ক্ষেপণ এবং অনেক ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে এই যাতায়াত হবে বলে আমরা মনে করি। সময় স্বল্পতার আমরা যে দাবি জানিয়েছিলাম সেটাও অনিশ্চিত হয়ে পড়েছে।
যেখানে ভোলা-বরিশাল সেতুর বাস্তবতা যাচাইসহ দীর্ঘ বছর ধরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুধু কাজের উদ্বোধনের অপেক্ষায়। এখানে সড়ক পথের এমন সিদ্ধান্তে আমরা হতাশ।
তিনি আরো বলেন, আমরা হিজলা-মেহেন্দিগঞ্জের উন্নয়নের বিরোধিতা করছি না। কিন্তু ভোলার স্বার্থে আঘাত হেনে অন্য কেউ নিজের স্বার্থ রক্ষা করবে- এটা ভোলাবাসীি মেনে নেবে না। আমাদের দাবি, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে যে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন একটি চিহ্নিত মহল, তারা এই সিদ্ধান্ত থেকে সরে এসে পুনরায় বিষয়টি বিবেচনা করবেন। পাশাপাশি সড়ক পথের যেই সমীকরণ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে, তা আবারও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে তার বাস্তবতা যাচাই করার দাবি জানাচ্ছি।
আমরা ভোলা-বরিশাল সেতুর পক্ষে অনড় আছি এবং অনড় থাকব। আশা করছি প্রধানমন্ত্রী আমাদের এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করবেন। এ সময় উপস্থিত ছিলেন, আমরা ভোলাবাসী সংগঠনের কার্যকরী সদস্য ও ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন শাকিল, সংগঠনের সদস্য শিবির নেতা আরিফ আহমেদ ও কামরুল হাসান, মেহেদী হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের ইমরান হোসাইন, শরীর হাওলাদার, এনসিপির নাসরিন পাহান, ছাত্র শক্তির আহমেদ ঈশানসহ আমরা ভালোবাসি সংগঠনের নেতৃবৃন্দ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

