ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ছবি তুলতে গিয়ে রোশনা বেগম (৪০) নামে এক নারীর কান থেকে স্বর্ণের দুল নিয়ে পালিয়ে গেছে দুই প্রতারক। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সাচড়া ইউনিয়নের চর গঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ওই গ্রামের মজিবল মোসলমানের স্ত্রী।
রোশনা বেগম ও প্রতিবেশীরা জানান, ওই দিন দুপুর ৩টার দিকে কালো রঙের একটি হিরো মোটরসাইকেলে করে দুই যুবক আসে। বাড়ির সামনে রোশনা বেগমকে পেয়ে তারা বলে, ‘আমরা সরকারি ফ্যামিলি কার্ড করে দিচ্ছি।’ এ সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার পরিবারের সব তথ্য নেওয়া হয়। একপর্যায়ে লাইভ ভেরিফিকেশনের জন্য ছবি তুলতে হবে বলে জানালে তিনি মোবাইলের ক্যামেরার দিকে তাকান। তখন তার কান থেকে স্বর্ণের দুল টান দিয়ে নিয়ে যায় তারা। কিছু বুঝে ওঠার আগেই ওই দুই প্রতারক মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি বিভিন্ন সহায়তা বা কার্ড দেওয়ার নাম করে প্রতারক চক্র প্রায়ই এমন অভিনব ও জালিয়াতির পথ বেছে নেয়। সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা থেকে রক্ষা করতে আরো সতর্ক থাকার পাশাপাশি স্থানীয়ভাবে প্রশাসনের আরো জোরালো নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম সিকদার বলেন, ‘ঘটনার কথা আমি শুনেছি। বর্তমানে এলাকায় প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। তারা বিভিন্নভাবে গ্রামের সহজ-সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আস্রাব আলী বলেন, ‘থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জেনেছি। ঘটনাটি তদন্ত করে অপরাধীদের শনাক্ত করতে আমরা সব ধরনের আইনি ব্যবস্থা নেব।’
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

