৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ
জব্দ করা নিষিদ্ধ জাল। ছবি: আমার দেশ

বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বাজারে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা দামের বিপুল পরিমাণ মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত বাজারে এ অভিযান চালায় উপজেলা মৎস্য অফিস।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে ২৫৩টি চায়না দুয়ারি জাল, ৬৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৬৭টি বোডা জাল জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। জব্দের পর জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উজিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর রিপন শিকদার, ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, অফিস সহকারী শৈলেন ঘরামী, অফিস সহায়ক মো. রাজীব হোসেন, জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মোর্সেদ মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার মাছের প্রজনন ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের সচেতন করতে প্রচারণাও অব্যাহত রয়েছে। তিনি জানান, মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন