পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, সরকার কথায় নয়, কাজে বিশ্বাস করে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ চলছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সারাদেশে খাল খনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’র আওতায় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডে স্বনির্ভর খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রায় ৪৬ বছর আগে খনন করা এ খালটি বিভিন্ন স্থানে ভরাট হয়ে যাওয়ায় কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। পুনঃখননের মাধ্যমে সারা বছর পানি সংরক্ষণ সম্ভব হবে, যা কৃষকদের অতিরিক্ত ফসল উৎপাদনে সহায়তা করবে। পাশাপাশি খালের দুই পাশে রাস্তা নির্মাণ ও বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানান তিনি।
এবিএম মোশাররফ হোসেন আরো বলেন, খালকে কেন্দ্র করে স্থানীয়দের সমবায় গঠন করে মাছ চাষের সুযোগ সৃষ্টি করা হবে, যা মানুষের স্বাবলম্বিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, কলাপাড়ার বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও সরকার কাজ করছে। ইতোমধ্যে ডালবুগঞ্জ–মহিপুর সড়ক, চম্পাপুর–পাটুয়া সড়কসহ একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এছাড়া ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আরও কয়েকটি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের সভাপতিত্বে ও সিপিপির সহকারী পরিচালক আছাদুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সী, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিবর রহমান ও ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন দুলাল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

