সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের
ছবি: আমার দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

শুক্রবার সকালে বাগেরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আয়োজনে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের নির্ভয়ে সত্য প্রকাশের পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের এমপি মঞ্জুরুল হক রাহাদ, ৪ আসনের এমপি অধ্যক্ষ আব্দুল আলিম, ১ আসনের এমপি অধ্যক্ষ মশিউর রহমান।

এ ছাড়া মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

এ সময় তারা স্থানীয় ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন এবং জামায়াতের আমির সেসব প্রশ্নের উত্তর দেন। সভায় গণমাধ্যমের স্বাধীনতা, সুশাসন, দুর্নীতি প্রতিরোধ, উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

সভার শেষে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর আহ্বান জানান ডা. শফিকুর রহমান তিনি সকলকে বৃষ্টি অপেক্ষা করে তার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন