বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া এলাকা থেকে জসীম উদ্দীন মিঠু (৩০) নামের এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক জসীম উদ্দীন মিঠু দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।
রোববার (৫ জুলাই) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ ভূতেরদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অবৈধ ইয়াবা উদ্ধার করা হয়।
পরে আটক আসামি জসীম উদ্দীন মিঠুকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা তাকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

