বরিশালের গৌরনদীতে একটি পরিত্যক্ত স্থান থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল আটটার দিকে গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকার টরকী পানভাণ্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী একটি পরিত্যক্ত স্থানে বস্তুগুলো দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, এসবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারপাশ রশি দিয়ে ঘিরে রাখেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, সকাল আটটার দিকে ওই স্থানে একাধিক ককটেল সদৃশ্য বস্তু দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানটি নিরাপদ রাখতে রশি টাঙিয়ে ঘিরে রাখে।
ওসি আরও জানান, ককটেল সদৃশ্য বস্তুগুলো নিষ্ক্রিয় করতে ইতিমধ্যে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল পাঁচটা) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

