বর্ষা মৌসুম শেষ হলেও ডেঙ্গুর প্রকোপ এখনো কমেনি। গত ২৪ ঘণ্টায় বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮।
রোববার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) ও জেলার অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন। বর্তমানে শুধুমাত্র শেবাচিমে ৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন এবং জেলার অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৫০ জন।
গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে ৬৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং সেখানে দুইজনের মৃত্যু হয়েছে। বর্তমানে বরগুনা জেলার বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
এছাড়া, পটুয়াখালী জেলায় বর্তমানে ৯৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। বিভাগের অন্যান্য জেলায় ডেঙ্গু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। বর্তমানে বিভাগের সব হাসপাতাল মিলিয়ে মোট ৩৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

