পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে পরিবহনকালে ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের ফেরিঘাটসংলগ্ন আন্ধারমানিক নদীতে অভিযানে এই বিশাল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার আটক করা হয়। ট্রলারটিতে ১৬ ব্যারেল ডিজেল ও ১৫ ব্যারেল পেট্রোল বোঝাই করা ছিল। জ্বালানিভর্তি এই ট্রলার কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
অভিযান শেষে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে তেল সরবরাহের দায়ে কলাপাড়ার 'বিসমিল্লাহ ফিলিং স্টেশন'-এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত তেল সরকারি কোষাগারে জমা রাখার নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক আমার দেশকে বলেন, ‘ফিলিং স্টেশন থেকে নিয়মবহির্ভূতভাবে তেল সংগ্রহ করে মজুত করা বা অবৈধভাবে পরিবহনের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান বজায় থাকবে। জনস্বার্থে এবং অবৈধ ব্যবসায়ীদের দমনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’
প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

