উজিরপুরে অর্ধকোটি টাকার অবৈধ জাল ধ্বংস

উজিরপুরে অর্ধকোটি টাকার অবৈধ জাল ধ্বংস

বরিশালের উজিরপুর উপজেলায় বিশেষ অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। বুধবার (২২ জুলাই) উপজেলার হারতা বাজারে পরিচালিত অভিযানে জব্দ করা জাল প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার সার্বিক সহযোগিতায় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, অফিস সহকারী শৈলেন ঘরামী এবং উজিরপুর মডেল থানার এসআই মো. ফাহাদের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৮৯টি বোডা জাল জব্দ করা হয়। উদ্ধার হওয়া জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হারতা বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে নিষিদ্ধ জালের বেচাকেনা চলছিল। এসব জালের ব্যবহারে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি নদ-নদী ও উন্মুক্ত জলাশয়ের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছিল। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ ও গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর মৎস্য বিভাগ অভিযান জোরদার করে।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। অবৈধ জাল মজুদ, বিক্রি বা ব্যবহারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন