ফেসবুকে স্ট্যাটাস দিয়ে

সমর্থকদের প্রতি শামীম সাঈদীর কৃতজ্ঞতা প্রকাশ

উপজেলা প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)

সমর্থকদের প্রতি শামীম সাঈদীর কৃতজ্ঞতা প্রকাশ
ছবি: আমার দেশ

পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও প্রয়াত আলেম দেলোয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদী নির্বাচনে পরাজয়ের পর তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তার সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিজ ভেরিফাইড ফেসবুকে 'Shameem Sayedee' আইডিতে এ স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে তিনি বিজয়ী সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে যারা তাকে ভোট দিয়েছেন এবং নির্বাচনী প্রচারণায় মিছিল, মিটিং, শ্রম, পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, সমর্থকদের ভালোবাসার ঋণ কোনোভাবেই পরিশোধ করার মতো নয় এবং হৃদয়ের গভীর থেকে তিনি সবার প্রতি কৃতজ্ঞ। নির্বাচনের পর অনেকেই ফোন ও বার্তার মাধ্যমে সমবেদনা ও খোঁজখবর নিয়েছেন উল্লেখ করে তিনি সবার উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

স্ট্যাটাসে শামীম সাঈদী ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, তাদের পথচলা থেমে যাবে না এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও সক্রিয় হতে হবে। এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে তা কাজে লাগিয়ে সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতের মতো তিনি এখনো জনগণের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, ইনশাআল্লাহ।

শামীম সাঈদীর এই স্ট্যাটাস প্রকাশের পর তার সমর্থকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্যের মাধ্যমে তার প্রতি সমর্থন, সাহস ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, শামীম বিন সাঈদী পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে মনোনয়ন পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন। তিনি এ আসন থেকে ৮২৮৮ ভোটে পরাজিত হয়েছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...