এক ট্রিপে ৪৩ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ ৬০ হাজার

এক ট্রিপে ৪৩ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ ৬০ হাজার

সরকার ঘোষিত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে সমুদ্রগামী জেলেদের মুখে ফুটেছে হাসি। প্রথম দিনেই পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকার করে ৪৩ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরেছে একটি ট্রলার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে মাছগুলো আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন ট্রলারের মাঝি ইউনুস মিয়া। পরে নিলামে আবদুল্লাহ ফিশে ২০ লাখ ৬২ হাজার টাকায় বিক্রি হয়।

মাঝি ইউনুস মিয়া বলেন, ‘বুধবার রাত ১২টায় ১৯ জন জেলেসহ এফবি তামান্না ট্রলার নিয়ে আমরা গভীর সমুদ্রে যাই। পায়রা বন্দরের কাছে জাল ফেলতেই ইলিশে ভরে যায়। বহু দিন পর এমন বড় সাফল্যে আমরা খুবই খুশি।’

এফবি তামান্না ট্রলারের মালিক ইউসুফ হাওলাদার বলেন, ‘অবরোধের সময় ধারদেনা করে ট্রলার পাঠিয়েছিলাম। শুরুতেই এত মাছ পেয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এ বছর সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করায় ইলিশের প্রজনন ভালো হয়েছে। ফলে সমুদ্রে এখন প্রচুর মাছ ধরা পড়ছে। আশা করছি জেলেরা বিগত বছরগুলোর ক্ষতি পুষিয়ে নিতে পারবে।’

উল্লেখ্য, ইলিশের প্রজনন ও বংশ বিস্তারের জন্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষে প্রচুর মাছ পাওয়ায় জেলেদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন