রাস্তায় গাছ ফেলে ভিপি নুরের গাড়িবহরে হামলা, অবরুদ্ধ

উপজেলা প্রতিনিধি, গলাচিপা (পটুয়াখালী)

রাস্তায় গাছ ফেলে ভিপি নুরের গাড়িবহরে হামলা, অবরুদ্ধ

বৃহস্পতিবার রাত ১১টায় গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়ন পাতাবুনিয়া বাজারে ডাকসুর ভিপি নুরুল হক নুরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এসময় বিএনপির নেতাকর্মীরা রাস্তায় গাছ ফেলে ভিপি নুরুল হক নুরসহ তার নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখে। কয়েকটি মোটরসাইকেলও এ সময় ভাঙচুর করে তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকালে নুরুল হক নুর গলাচিপা থেকে তার গাড়িবহর নিয়ে বকুলবাড়িয়ার স্মরণসভায় রওনা হন। তখন বিএনপির কর্মীরা গাড়িবহরে মিছিল নিয়ে ঢুকে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এরপর গলাচিপার চিকনিকান্দি ইউনিয়নে গণঅধিকারের অফিস উদ্বোধনের সময় নুরুল হক নুর গলাচিপার বিএনপি নেতাকর্মীদের কটাক্ষ করে কথা বলেন। এতে বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে রাস্তার ওপর গাছ ফেলে নুরুল হক নুর ও তার নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখে।

ছাত্র অধিকার পরিষদ বরিশাল মহানগর আহ্বায়ক আবু নাঈম জানান, গতকাল বকুলবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মরহুম বাদল মাতুব্বরের স্মরণসভা শেষ করে আমরা যখন গলাচিপায় রওনা হই তখন বিভিন্ন জায়গায় রাস্তায় গাছ ফেলে রাখা হয়। বিএনপির নেতাকর্মীরা লাঠি, রামদা, হকিস্টিক নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখে। তখন আমরা থানায় জানালে ওসি ফোর্স নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিন ঘণ্টা চেষ্টার পর সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে গলাচিপা থানার ওসি আসাদুর রহমান বলেন, কয়েক দিনের দফায় দফায় সংঘর্ষে গলাচিপার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। আমরা সতর্ক আছি। জনমনে স্বস্তি ফেরাতে গলাচিপার পুলিশ প্রস্তুত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন