আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নলছিটিতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ দোকান ভস্মীভূত

উপজেলা প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি)

নলছিটিতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ দোকান ভস্মীভূত
ছবি: আমার দেশ

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অনুযায়ী প্রায় ১৫ লাখ টাকার মালামাল ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের সামনে তিমিরকাঠি বোর্ডের হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বাজারের সাঈদের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা পাশাপাশি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। গভীর রাত হওয়ায় দোকানগুলো বন্ধ ছিল এবং লোকজন কম থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে ৬টি দোকানের ভেতরের সব মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ এবং ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...