বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
শুক্রবার বাদ জুমা গৌরনদী উপজেলার আশোকাঠীতে মডেল মসজিদ নির্মাণস্থলের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী মুসল্লিরা বলেন, মডেল মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি ইসলামিক শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, গণপাঠাগার এবং সামাজিক-ধর্মীয় কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সরকার প্রকল্পটি গ্রহণ করেছে। তাই নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ থাকায় এলাকার মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা বলেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধা-সম্পন্ন মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিলেও গৌরনদীতে দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। এতে সাধারণ মুসল্লিদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত পুনরায় নির্মাণ কাজ শুরু করে নির্ধারিত সময়ে প্রকল্পটি সম্পন্ন করার দাবি জানান তারা।
মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান আকবর, সাবেক ছাত্রদল নেতা এনামুল হক, আবু সাঈদ, নুর আলম সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা, দ্রুত সময়ের মধ্যে সরকারের অধিগ্রহনকৃত স্থানে মডেল মসজিদ নির্মাণকাজ পুনরায় শুরু করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি’র হস্তক্ষেপ কামনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

