বাকেরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮, আটক ২

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বাকেরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮, আটক ২

বরিশালের বাকেরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিগান হাওলাদার ও সাবেক ইউনিয়ন বিএনপির সদস্য মনির শরিফের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।

সংঘর্ষে রিগান হাওলাদারের বাবা রফিক হাওলাদার (৬০) ও আল আমিন (৩০) গুরুতর আহত হন। তাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। রিগানের ছোট ভাই সেজান হাওলাদারও বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।

অপরদিকে, মনির শরিফের পক্ষের পাঁচজন আহত হন। তাদের মধ্যে রিপন, সৌরভ ও সেলিনা বেগম শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে মনির শরিফ ও ফিরোজ সিকদারকে আটক করেছে। বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, সংঘর্ষে আটজন আহত হয়েছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...