৭ হাজার ৭০০ টাকায় এক ইলিশ বিক্রি

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

৭ হাজার ৭০০ টাকায় এক ইলিশ বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২২০ গ্রাম ওজনের একটি বিশাল ইলিশ মাছ ৭ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার শেষ বিকেলে মাছটি আশাখালী বাজারের ‘বন্ধন ফিস-২’ নামের আড়তে প্রতি কেজি ৩ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের হাইর নামক পয়েন্টে দুপুর ২টার দিকে স্থানীয় জেলে জামাল মাতুব্বরের জালে ধরা পড়ে বিশাল এই ইলিশটি। পরবর্তীতে আশাখালী বাজারে নিয়ে গেলে নিলামের মাধ্যমে পাইকার কবির হোসেন মাছটি কিনে নেন। এসময় মাছটি দেখতে বাজারে ভিড় করেন উৎসুক জনতা।

জেলে জামাল মাতুব্বর বলেন, বরাবরের মতো সাগরে গিয়ে হাইর পয়েন্টে জাল ফেলেছিলাম। অন্যান্য মাছের সঙ্গে হঠাৎ এই বড় ইলিশটি ধরা পড়ে। এখন সাগরে বড় মাছ খুব একটা পাওয়া যায় না। তবে এমন মাছ পেলে পরিবারের খরচ মেটানো সহজ হয়।’

মৎস্য ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, এত বড় ইলিশ এই বাজারে খুবই কম আসে। নিলামে মাছটি ভালো দামে বিক্রি হয়েছে, যা আমাদের জন্যও আনন্দের।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি নিঃসন্দেহে একটি ভালো খবর। ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার সুফল বলা যায়। এমন বড় সাইজের ইলিশ সাধারণত গভীর সমুদ্রে থাকে। যদি জালের প্রশস্ততা বৃদ্ধি করা যায়, তবে আরও বেশি বড় ইলিশ ধরা পড়বে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন