ফ্যাসিস্ট সরকারের দোসর বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন নৌ-থানার ওসির নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে ভোলা জেলা বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি।
বৃহস্পতিবার দুপুরে ব্যানার ফ্যাস্টুনসহ ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভোলা জেলা মৎস্যজীবী জেলে সমিতির সেক্রেটারি এরশাদ বলেন, নৌ ওসি মোশারফ হোসেন আওয়ামী দালাল সিন্ডিকেটের মাধ্যমে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অবৈধ জেলেদের দিয়ে নিষিদ্ধ জাল বিস্তারের সুযোগ করেছে। বিভিন্ন সময় অভিযানের নামে গরিব অসহায় জেলেদের ওপর স্ট্রিম রোলার চালাতেন ওসি মোশারফ হোসেন। এছাড়াও জেলেদের জন্য সরকারি ভিজিএফ চাল বিতরণের কার্ড নিয়ে দুর্নীতির বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নৌ-পুলিশের ছত্রছায়ায় মেঘনা ও তেঁতুলিয়ায় সব ধরনের অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান বক্তারা।
এদিকে হাকিমুদ্দিন নৌ-থানার ওসি মোশারফ হোসেন বলেন, কিছু অসাধু জেলেরা আইন অমান্য করে অবৈধভাবে মাছ ধরার সুযোগ না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে এ অভিযোগ করছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- ভোলা জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আবুল বাশার বুলবুল, যুগ্ম- সম্পাদক শেখ মামুন, মৎস্য জেলে সমিতির ভোলা সদর উপজেলার মহিলা বিষয়ক সম্পাদিকা মল্লিকা খাতুন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা শাহাজান মিয়া, আবুবকর ছিদ্দিকসহ ভোলা সদর উপজেলার ও ইউনিয়নের সকল সদস্য ও সাধারণ জেলেরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

