বরিশালে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে হিজলা থেকে ছেড়ে আসা একটি লঞ্চ ডুবোচরে আটকে যায়। ওই লঞ্চের যাত্রীদের উদ্ধারে গিয়ে অতিরিক্ত যাত্রীর চাপে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে মেঘনার শাখা নদীর হিজলা উপজেলার বাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মণ্ডল।
হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল জানান, ‘অভিযান-৫’ নামের একটি লঞ্চে হিজলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বরিশালের উদ্দেশে রওনা হন। লঞ্চটি উপজেলার দুটি ঘাট থেকে যাত্রী নিয়ে পুরোনো হিজলা লঞ্চঘাটের দিকে যাচ্ছিল।
তিনি জানান, ঘাটের কাছাকাছি পৌঁছানোর পর লঞ্চটি ডুবোচরে আটকে যায়। পরে যাত্রীদের উদ্ধারে একটি ইঞ্জিনচালিত নৌকা ঘটনাস্থলে আসে। এ সময় একসঙ্গে অতিরিক্ত মানুষ নৌকায় উঠে পড়লে নৌকাটি চরের পাশেই ডুবে যায়।
তবে নৌকায় থাকা কেউ আহত হননি। পরে ডুবোচরে আটকে থাকা লঞ্চের যাত্রীরা স্পিডবোটে করে বরিশাল নগরীতে পৌঁছে কর্মসূচিতে অংশ নেন।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল বলেন, ‘ডুবোচরে লঞ্চটি আটকা পড়েছিল। অতিরিক্ত লোকজন ওঠায় উদ্ধারকারী নৌকাটিতে পানি ঢুকে সেটি ডুবে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

